চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিক উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও কি-নোট উপস্থাপন করেন পরিবেশ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশচন্দ্র বিশ্বাস।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান, ব্রাকের সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিওন রুগ্গা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সনো ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক বদরুদ্দিন, ইটভাটা মালিক সমিতির সভাপতি খাজা নাসিরউদ্দিন ও জ্যেষ্ঠ সাংবাদিক মানিক আকবর।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আজকের দিনে সঠিক পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। পরিবেশের ওপর পলিথিনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার কার্যকরী পদক্ষেপ নেয়া এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।



