ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার নাসা টাওয়ারে এ ঘটনা ঘটে।
তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি জেলার তারাকান্দা উপজেলার মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। পড়াশোনার সুবিধার্থে গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী এলাকার একটি ছাত্রী মেসে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরু। এর প্রায় চার ঘণ্টা আগে ভবনটির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিশা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেসের অন্য সদস্যরা জানায়, ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন। ফলে কিভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ বা অন্য কোনো কারণ এ ঘটনার সাথে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



