প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আগামী ২০ এপ্রিল (সোমবার) বগুড়া সফরে আসছেন জেলার কৃতি সন্তান তারেক রহমান এমপি। এদিন সকালে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো: উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচী সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে, সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দরে উপস্থিতি ও বগুড়া জেলা পুলিশ লাইনস্ হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা, সকাল পৌনে ১০টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশনের ‘শুভ উদ্বোধন’, বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী উপজেলার বাগবাড়ীস্থ শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও ফ্যামিলি কার্ড বিতরণ, বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খাল খনন কর্মসূচি উদ্বোধন, দুপুর ২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে উপস্থিতি।
এরপর বিকেল ৩টায় বগুড়া সার্কিট হাউজে নামাজের বিরতি শেষে বিকেল ৪টায় পুলিশ লাইন্স হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন ।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে শহীদ জিয়ার জন্মস্থান বাগবাড়ী এলাকায় প্রশাসনের প্রস্তুতি ও স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছাস শুরু হয়েছে। কারণ, বিগত প্রায় ২০ বছর পর তারেক রহমান বাগবাড়ী সফর করবেন। এ ছাড়া সিটি করপোরেশন ঘোষণার খবরে বগুড়া নগরবাসীর মাঝে খুশির জোয়ার বইছে। দীর্ঘ ২০ বছর ধরে বঞ্চিত বগুড়া পৌর সভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রত্যাশা বগুড়াবাসীর প্রাণের দাবি ছিল।
বিগত ফ্যাসিস্ট সরকার বগুড়াবাসীকে সেই অধিকার থেকে বঞ্চিত করে অনেক ছোট ও কম গুরুত্বপূর্ণ শহরকে সিটি করপোরেশন করেছে। বগুড়া হতে যাচ্ছে দেশের ১৩তম সিটি করপোরেশন।
গত ১০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ বগুড়া জেলা প্রশাসককে সিটি করপোরেশন ঘোষণার জন্য চিঠি দিতে বলেছে। ফলে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।
উল্লেখ্য, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বর মাসে গাবতলী সফর করেন।
তিনি ২০০৭ সালের ২২ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সহ নির্বাচনী কাজে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোকে সাথে নিয়ে শেষ সফর করেন।
এরপর ২০০৭ সালের ১১ জানুয়ারি জেনারেল মইন উ আহমেদের ক্ষমতা দখলের পর ওই নির্বাচন বাতিল হয়। এরপর কারাগার ও লন্ডনে বসবাসের কারণে আর বাগবাড়ী যেতে পারেননি তারেক রহমান।



