সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে সালাহ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া রহিছ মিয়ার বাড়ি সংলগ্ন নদীতে লাশটি দেখতে পান স্থানীয়রা।
নিহত সালাহ উদ্দিন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মরহুম আলী আকবরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামে বসবাস করছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রতিদিন নিজের গৃহপালিত পশুসহ ওই গ্রামের সাবেক চেয়ারম্যান তারা মিয়া চেয়ারম্যানের কয়েকটি গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াতেন আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসতেন। তবে গত সোমবার তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে আর পাওয়া যায়নি। পরে আজ সকাল ৯টার দিকে যাদুকাটা নদীতে লাশ ভেসে উঠে।
স্থানীয়রা জানায়, এর আগেও একইভাবে এক ব্যক্তি নিখোঁজ হয়ে পরে এই নদীতে লাশ ভেসে উঠেছিল।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আমি আছি। লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।



