নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাথে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সেন্ড অ্যা লিটল হোপের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নোবিপ্রবি ভিসির সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
চুক্তিতে নোবিপ্রবির পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী এবং সেন্ড অ্যা লিটল হোপের পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো: সাদমান সাকিব চৌধুরী স্বাক্ষর করেন।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ সময়োপযোগী প্রযুক্তি। সেন্ড অ্যা লিটল হোপের সাথে স্বাক্ষরিত চুক্তি আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উম্মুক্ত করবে এবং তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি আমাদের ফ্যাকাল্টিগণ তাদের লেকচার ও গবেষণা কাজে এর ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ হতে সক্ষম হবে।
তিনি বলেন, নোবিপ্রবি সবসময় যুগোপযোগী শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে। আন্তর্জাতিক সংস্থার সাথে এ ধরনের চুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক মানোন্নয়নে ভূমিকা রাখবে।
ভিসি আরো বলেন, সম্প্রতি পরিকল্পনা কমিশনের সবুজ পাতায় নোবিপ্রবির
আবাসিক হল নির্মাণসহ প্রায় চার হাজার আসনের আবাসন সুবিধা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্প অন্তর্ভূক্ত হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় জাপানের সহায়তায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ২০ কোটি টাকার আরো একটি প্রকল্প সবুজ পাতায় সংযুক্ত হয়েছে।
এ সময় প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ হানিফ মুরাদ ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ মহিনুজ্জামান, সেন্ড অ্যা লিটল হোপের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ সাহাব উদ্দিন ও উপদেষ্টা আলিফ মেহরাব উপস্থিত ছিলেন।



