শ্রমিকরা ন্যায্য মজুরি ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে : এটিএম মাছুম

শনিবার (১৬ মে) চট্টগ্রামের জামালখান বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে বক্তব্য দেন মাওলানা এ টি এম মাছুম
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে বক্তব্য দেন মাওলানা এ টি এম মাছুম |নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেছেন, ইসলামী কল্যাণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমান পুঁজিবাদী ও বৈষম্যমূলক ব্যবস্থায় শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপত্তা ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে।

শনিবার (১৬ মে) চট্টগ্রামের জামালখান বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এটিএম মাছুম বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জ্বালানি সঙ্কট, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বৈষম্যের কারণে সাধারণ শ্রমিক পরিবার আজ চরম সঙ্কটে দিন কাটাচ্ছে। অথচ শ্রমিকদের ন্যায্য বেতন, বোনাস ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

তিনি বলেন, ঈদ বা উৎসবকে কেন্দ্র করে বেতন-বোনাস নিয়ে প্রতিবছর শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। শ্রমিকদের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধ না করায় শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হচ্ছে। শ্রমিকদের অধিকারকে উপেক্ষা করে টেকসই শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরো বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী শ্রমিক আন্দোলনের বিকল্প নেই। শ্রমিক সংগঠনগুলোকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতে হবে। শ্রমজীবী মানুষকে সংগঠিত করে অধিকার আদায়ের আন্দোলন বেগবান করতে হবে। আপনারা দায়িত্বশীলরা আদর্শিক, সাংগঠনিক ও নৈতিকভাবে আরো দক্ষ হয়ে শ্রমিক সমাজের পাশে দাঁড়াবেন।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক আন্দোলন কেবল অর্থনৈতিক অধিকারের বিষয় নয়, এটি একটি নৈতিক ও মানবিক আন্দোলন। শ্রমিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা জোরদার না হলে অধিকার আদায়ের সংগ্রাম সফল হবে না।

নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। একইভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রমিকদের ঐক্য ও সংহতি সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, আগামী দিনে শ্রমিকদের অগ্রণী ভূমিকার মাধ্যমে এ দেশের রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান ভূঁইয়া বলেন, বর্তমান বাস্তবতায় শ্রমিক সংগঠন সম্প্রসারণ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি সময়ের গুরুত্বপূর্ণ দাবি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গঠনে দায়িত্বশীলদের আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বক্তব্য রাখেন।