অনলাইনে ইলিশ নিয়ে প্রতাণার অভিযোগে ১১ মামলার আসামিসহ গ্রেফতার ৫

অনলাইনে ইলিশ বিক্রি নিয়ে প্রতাণার অভিযোগে ১১ মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নড়াইল প্রতিনিধি

Location :

Narail
গ্রেফতাররা
গ্রেফতাররা |নয়া দিগন্ত

ইলিশ বাড়ি অ্যাপসের মাধ্যমে অনলাইনে ইলিশ বিক্রি নিয়ে প্রতাণার অভিযোগে ১১ মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

আটকরা হলেন উপজেলার ফুলদাহ গ্রামের ফারুক শেখের ছেলে অনলাইন প্রতারণার হোতা ও ১১ মামলার আসামি আকিদুল শেখ, একই গ্রামের ওলিয়ার শেখের ছেলে আসমাউল শেখ, কাকা মিয়া শেখের ছেলে ইমরান শেখ, মোহর মিনার ছেলে তৈয়বুর রহমান ও তুহিন শেখের ছেলে নিরব শেখ।

জানা গেছে, তরতাজা ইলিশ বিক্রির নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ ইলিশ বাড়ি অ্যাপসের মাধ্যমে অনলাইনে দীর্ঘদিন প্রতারণা করে আসছিল সংঘবদ্ধ চক্রটি। আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্ট মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘ইলিশ বাড়ি অ্যাপসের মাধ্যমসহ ফেসবুকে প্রতারণা করে গ্রেফতার পাঁচ যুবক ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। কিন্তু, তাদের কাছে ইলিশ মাছ সরবরাহ করা হতো না। প্রতারণার মাধ্যমে ইলিশ বিক্রির টাকায় এলাকায় মাদককারবার, মাদক সেবন, জুয়া খেলাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড করে চক্রটি। তাদের বিরুদ্ধে কালিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। এছাড়া আকিদুলের নামে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।’

ওসি আরো বলেন, ‘অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে সবসময় যাচাই-বাছাই করতে হবে। অগ্রিম টাকা দেয়া থেকে বিরত থাকতে হবে।’