বান্দরবানে অনুপ্রবেশের সময় মায়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান সদস্য আটক

ঘুনধুম ইউনিয়নের ৪৮ নম্বর পিলারের কাছে আমতলী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। তাদের কাছ থেকে প্রায় এক লাখ ৬৮ হাজার মিয়ানমার কিয়াট জব্দ করা হয়েছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
আরাকান আর্মির আটক তিন সদস্য
আরাকান আর্মির আটক তিন সদস্য |নয়া দিগন্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের বিপুল পরিমাণ মুদ্রা কিয়াট উদ্ধার করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘুনধুম ইউনিয়নের ৪৮ নম্বর পিলারের কাছে আমতলী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। তাদের কাছ থেকে প্রায় এক লাখ ৬৮ হাজার মিয়ানমার কিয়াট জব্দ করা হয়েছে।

আটকরা হলেন-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাসিন্দা থুইনুমং মারমার ছেলে উয়ইমং মারমা (২৫), বান্দরবানের রুমা উপজেলার মিলুচিং মারমার ছেলে হ্লাচিং থোয়াই মারমা (২৪) এবং একই এলাকার মংক্যাচিং মারমার ছেলে গরাইমং মারমা (৩০)।

আটকরা বাংলাদেশী মারমা সম্প্রদায়ের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরাকান আর্মির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার সকালে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, আটক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।