নাটোরের লালপুরে প্রশাসনের সহায়তায় জ্বালানি তেল বিক্রি করলেন পাম্প মালিকরা। বুধবার (৮ এপ্রিল) দিনব্যাপী লালপুর ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই নিশ্চিত করা হয়।
এ সময় ব্যক্তির লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন এবং ট্যাক্স টোকেন না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই দিন অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে এমন সংবাদ পাওয়া যায়।
বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ টিমের সমন্বয়ে অভিযান চালিয়ে জ্বালানি তেলের মজুদের সত্যতা পাওয়া যায়।
এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযুক্ত ওয়ালিয়া বাজারে মরহুম শাজাহানের ছেলে শাহাবুদ্দিন (৫৫), জানান, মজুদকৃত প্রায় ৬৫ লিটার ডিজেল স্থানীয় ওয়ালিয়া বাজার জামে মসজিদের জেনারেটর চালানোর উদ্দেশ্যে রাখা হয়েছিল। ওই ডিজেল ব্যক্তি প্রয়োজনে বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য ছিল না। কিন্তু বর্তমান বৈশ্বিক জ্বালানি সঙ্কট চলাকালীন সময় এবং অনুমতি ব্যতিরেকে অভিযুক্তের নিকট এভাবে ডিজেল মজুদ করে রাখা সঠিক নয় মর্মে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ০৪ নম্বর ধারা মতে অপরাধ হওয়ায় তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
তাৎক্ষণিকভাবে ওয়ালিয়া বাজার জামে মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সহ-সভপাতির নিকট প্রায় ৬৫ লিটার ডিজেল হস্তান্তর করা হয়। ওই ডিজেল শুধুমাত্র মসজিদের জেনারেটরে ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হয়।


