বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন আটোয়ারী উপজেলার শুভেচ্ছা পেট্রোল পাম্পে তেল বিক্রিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ফুয়েল কার্ডবিহীন মোটরসাইকেল বাইকারদের অগ্রাধিকার দেয়া ও কার্ডধারীদের তেল না দেয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সরেজমিনে দেখা যায়, পাম্পের ম্যানেজার মানিক দক্ষিণ বলরামপুর ও জলাপাড়ার মোটরসাইকেল বাইকারদের ফুয়েল কার্ড ছাড়াই পেট্রোল দিচ্ছেন।
পাম্পের আশেপাশের এলাকা পশ্চিম সাতখামার, দক্ষিণ সাতখামার, মাষ্টারপাড়া ও ভূজারীপাড়ার বাইকাররা ফুয়েল কার্ড থাকলেও ম্যানেজারের স্বজনপ্রীতির কারণে তেল পাচ্ছেন না।
সরেজমিনে আরো দেখা যায়, ম্যানেজার মানিকের এলাকার যেসব মোটরসাইকেলের ফুয়েল কার্ড নেই, তারা অন্য যেকোনো গাড়ির কার্ড নিয়ে আসেন। ইতোপূর্বে একই কার্ডে সকালে তেল নেয়া থাকলেও বিকেলে মানিক সেই কার্ডে পুনরায় তারিখ ও সাক্ষর দেয়ার অভিনয় করেন। তদন্ত করলে সারাদিনের সিসিটিভি ফুটেজে দেখা যাবে, নম্বর প্লেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ির কাছে থেকে কার্ড নিয়ে ম্যানেজার সাক্ষর ও তারিখ লেখার অভিনয় করছেন। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রিপা মনি দেবী ঘটনাস্থলে এসে কয়েকটি লাইসেন্স ও ফুয়েল কার্ডবিহীন গাড়িকে জরিমানা করেন।
তিনি চলে যাওয়ার পরপরই পাম্প ম্যানেজারের এলাকার পূর্বপরিচিত ব্যক্তিরা পেট্রোল ও অকটেন নিতে থাকেন। সন্ধ্যা ৬টায় তেল দেয়া বন্ধ করার নিয়ম থাকলেও অতিরিক্ত ৫ মিনিট তেল দেয়া হয়।
স্থানীয় দক্ষিণ সাতখামার, পশ্চিম সাতখামার, মাষ্টারপাড়া ও ভূজারীপাড়ার ফুয়েল কার্ডধারী বাইকাররা অভিযোগ করে বলেন, ‘পাম্পর ম্যানেজার মানিকের স্বজনপ্রীতির কারণে আমাদের ফুয়েল কার্ড থাকা সত্ত্বেও তেল পাচ্ছি না।’
এদিকে শুক্রবার দুপুরে তেল দেয়া বন্ধের ঘোষণা দেয়া হয়। এই ঘোষণার ২২ মিনিট পর দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার নিজে ১ হাজার ৫০০ টাকার তেল নেন, অন্যদিকে সারাদিন সাধারণ জনগণকে দেয়া হয়েছে মাত্র ৫০০ টাকার তেল। এ ঘটনায় উপস্থিত বাইকাররা উত্তেজিত হয়ে পড়েন।
কয়েকজন সংবাদকর্মী বিষয়টি ভিডিও করলে পাম্পের অফিস কক্ষে ট্যাগ অফিসার দুঃখ প্রকাশ করে নিউজ না করার অনুরোধ জানান।
এ ব্যাপারে পাম্প কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের মুঠোফোনে যোগাযোগ সম্ভব হয়নি।


