অংশ নিচ্ছে ১৮ বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা |নয়া দিগন্ত

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

শুক্রবার (১৯ জুন) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

এ সময় তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মো: লুৎফর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দফতরের পরিচালক এবং প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিম।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এর অন্যতম কারণ ক্রীড়া ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগের ঘাটতি। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও দেশের পুরুষ ক্রিকেট এবং নারী ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করেছে।’

তিনি বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতা বাড়ায়। এর মাধ্যমে সুনাগরিক তৈরি এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য সরকার ক্রীড়া ও সংস্কৃতিকে গুরুত্ব দিচ্ছে।

প্রফেসর আমানুল্লাহ আরো বলেন, সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করছে। এর ধারাবাহিকতায় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এবং এ খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশ ও সুস্থতার জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, বিভিন্ন ক্রীড়া ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়া শিক্ষার্থীদের দেশে-বিদেশে প্রশিক্ষণের সুযোগ তৈরিতে সহযোগিতা করা হবে। বিশেষ করে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থীকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দফতরের তত্ত্বাবধানে আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা ২০২৫-২০২৬’-এ নারী ও পুরুষ বিভাগে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে চারজন করে মোট আটজন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

এ প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, বিভাগীয় প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।