ফরিদপুরের নগরকান্দায় রামনগর ইউনিয়নের কুঞ্জনগর খালপাড় সড়কের পাশ থেকে অবৈধভাবে মূল্যবান আটটি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে কাটা গাছগুলো জব্দ করে।
জানা যায়, কুঞ্জনগর খালপাড় সড়কের পাশের সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে গাছগুলো বেড়ে উঠেছিল। সম্প্রতি সৈয়দ আলী ওরফে মেছের খানের ছেলে ফারুক খান গাছগুলো কেটে বিক্রির চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাধানগর এলাকার ফজলু শিকদার গাছগুলো ক্রয় করেছিলেন। বিষয়টি নজরে আসলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে কাটা আটটি মেহগনি গাছ জব্দ করে রামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের (ইউপি) সামনে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের জিম্মায় রাখে।
তবে অভিযুক্ত ফারুক খান বর্তমানে ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয়রা জানান, সরকারি রাস্তার পাশের গাছ কেটে ফেলা পরিবেশের জন্য ক্ষতিকর। এটি সম্পূর্ণ অবৈধ কাজ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



