ফেনীতে গণভোটের ‘হ্যাঁ’ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান।
মুফতি আব্দুল হান্নান বলেন, ‘জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের শতকরা ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করেছে। জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার ‘হ্যাঁ’ ভোটকে বাতিল করার জন্য তাদের নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এ রাজনৈতিক ধৃষ্টতা কখনো মেনে নেবে না। আমরা চাই এ সরকার গণভোট মেনে নিক। আমরা সংবিধানের সংস্কার চাই। আমরা বলবো আপনারা অতীত থেকে শিক্ষা নিন।’
এ সময় দুইভাগ হয়ে এক গ্রুপ বড় মসজিদের সামনে হতে ট্রাংক রোড ও আরেক গ্রুপ বড় মসজিদ থেকে সেন্ট্রাল হাইস্কুলের দিকে লিফলেট বিতরণ করেন।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুপ, সেক্রেটারি মাওলানা মো: আব্দুর রহিম, প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: ইলিয়াস, খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা মোজাফফর আহমদ জাফরী, এবি পার্টির জেলা আহবায়ক মাস্টার আহসান উল্লাহ, সদস্য সচিব ফজলুল হক, ডেভেলপমেন্ট পার্টি ফেনী জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন, খেলাফত মজলিশ জেলা শাখার সহকারী সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, জামায়াতের শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা সামাউন হাসান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।



