তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নূর মোহাম্মদ (২৪) নামে আরো একজন। তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের জামলাবাজ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা ও দুই সন্তানের জনক। এছাড়া আহত নূর মোহাম্মদ জামলাবাজ গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, আবুল কালাম ও নুর মোহাম্মদ জামলাবাজ গ্রামের সামনে একটি হাসেঁর খামারে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বৃষ্টিহীন আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই কালা মিয়ার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন নুর মোহাম্মদ। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী মেডিক্যাল অফিসার ডা: ফয়েজ আহমেদ নূরী জানান, বজ্রপাতে আহত একজনকে এখানে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট পাঠানো হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নওশাদ আহমেদ নিহত ও আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।



