ঝালকাঠি সদরের পূর্ব চাঁদকাঠি এলাকার মলিনা রায়ের হত্যার মামলার প্রধান আসামি নয়ন ডাকুয়াকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শ্যামপুরের একটি ভাড়া বাসার তৃতীয় তলা থেকে র্যাব-৮ ও র্যাব-১০-এর যৌথ অভিযানের তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নয়ন ঝালকাঠি সদরের শেখেরহাট এলাকার নান্নু ডাকুয়ার ছেলে।
জানা গেছে, চুরি করার সময় দেখে ফেলায় মলিনাকে হত্যা করেন নয়ন ও তার দল। এরপর থেকেই তিনি ঢাকার বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। এ ঘটনার আরেক আসামি রিতোষকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার অগ্রগতি হয়েছে। মামলার আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই সন্ধ্যার দিকে চাঁদকাঠি টিএন্ডটি সড়ক এলাকার বাসিন্দা মলিনাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মলিনার স্বামী রতন রায় ১৯ জুলাই ঝালকাঠি সদর থানায় অজ্ঞাতপরিচয় আসামি করে একটি মামলা করেন।



