জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপির সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামী কর্মী হাফিজুর রহমান নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা ও পৌর জামায়াত।
সোমবার (২ মার্চ) বিকেলে শহরের চৌরাস্তা মোড়ের মুক্তমঞ্চে এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জামায়াতের নেতারা বলেন, বিএনপির সন্ত্রাসীদের দ্বারা জামায়াতের নেতাকর্মীদের ওপর চালানো নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে হাফিজুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে বিএনপির চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করার আহ্বান জানান নেতারা।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মজলুমের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর হয়ে থাকবে। এই জুলুমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
তারা বলেন, এ হত্যা দুঃখজনক ও নিন্দনীয়। সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে প্রয়োজনে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। একটি রাজনৈতিক দল প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে, যা জেলার জন্য কোনোভাবেই সুখকর নয়। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির শান্ত, সদর উপজেলা জামায়াতের আমির মওলানা বিলাল হোসাইন, জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদসহ অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে জামায়াতে ইসলামী নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শহরের চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।



