খুলনায় চার সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) উদ্যোগে খুলনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এমইউজের সভাপতি রাশিদুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন, এমইউজের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, এমইউজের সহসভাপতি মো. নূরুজ্জামান, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, খুলনা প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে এবং এমইউজের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অপরাধীরা যে পরিচয়েরই হোক, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তিনি দাবি করেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং সাংবাদিকদের ওপর হামলাও তারই অংশ হতে পারে।
অন্য বক্তারা বলেন, খুলনায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সাথে হামলার নেপথ্যে কারা রয়েছে, তা দ্রুত উদ্ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে একটি চায়ের দোকানের সামনে বসে থাকা এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা প্রতিনিধি আওয়াল শেখ, স্টার টিভির খুলনা ব্যুরো প্রধান রফিউল ইসলাম টুটুল এবং আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সৈয়দ রানা কবিরকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি চেয়ারে লাগে এবং ছিটকে আসা স্প্লিন্টারে সাংবাদিক আওয়াল শেখ সামান্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটন করা হবে। সাংবাদিকদের ওপর হামলার সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা যাই থাকুক, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



