বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তৎপরতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থেকে একটি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়।
অসম্ভব সুন্দর এই কালনাগিনীকে উদ্ধারের পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল নয়া দিগন্তকে জানান।
সজল জানান, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলায় শ্রাবণ পালের বাসায় হঠাৎ একটি সাপ দেখতে পান। সাপটি দেখে বাসার সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিরাপত্তার কথা বিবেচনা করে তারা দ্রুত বাসার বাইরে চলে যান।
তিনি আরো জানান, শ্রাবন পাল বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সিনতিয়া তাসমিমকে জানালে তিনি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠো ফোনে অবহিত করেন।
পরে চেয়ারম্যানের নির্দেশে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে সাথে নিয়ে ওই ঘটনাস্থলে পৌঁছে বাসার ভেন্টিলেটরের ভেতরে একটি ‘কালনাগিনী’ সাপের অবস্থান শনাক্ত করেন।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সাপটির ক্ষতি না করে অক্ষত অবস্থায় ভেন্টিলেটরের ভেতর থেকে নিরাপদে উদ্ধার করা হয় সাপটিকে। উদ্ধারকৃত সাপটি পরে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত উদ্ধার করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।



