পাংশায় জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রোববার সকালে পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রাম ও কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামের বাসিন্দাদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কৃষক নিহত
দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কৃষক নিহত |প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে জমির বিশ্বাস (৫০) নামে এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জমির বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেপা মাজাইল গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রোববার সকালে পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রাম ও কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামের বাসিন্দাদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

গুরুতর আহত অবস্থায় কৃষক জমির বিশ্বাসকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্তও কাউকে গ্রেফতার করতে পারেনি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, পাট্টা ইউনিয়নে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এলাকাজুড়ে থমথমে ভাব বিরাজ করছে।