চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কায় কোহিনুর আক্তার (৪৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের শাশুড়ি হালিমা বেগম (৬৫)।
বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থানীয় মিয়নের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোহিনুর মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছরা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
পূর্ব খৈয়াছরা এলাকার বাসিন্দা মো: নুরুল হুদা বলেন, বুধবার রাত ৮টার দিকে শাশুড়িসহ মিরসরাই পৌরসভায় মেয়ের বাসায় যাচ্ছিলেন কোহিনুর আক্তার। রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে দু’জনেই রাস্তার পাশে পড়েছিলেন। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কোহিনুর আক্তারকে মৃত ঘোষণা করেন। তার শাশুড়ির অবস্থাও আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শরিফুজ্জামান জানান, বড়তাকিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী মারা যাওয়ার খবর শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।



