রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।
বুধবার (১১ মার্চ) নগর ভবনে প্রশাসকের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, “আমরা সব সময় তোমাদের পাশে আছি। তোমরা লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাও। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এ বছর রাসিকের উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫৮ জন, কলেজ পর্যায়ে ৪৪ জন, মাধ্যমিক পর্যায়ে ২৪ জন এবং প্রাথমিক পর্যায়ে ৩১ জনসহ মোট ১৫৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিজনকে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা এবং প্রাথমিক পর্যায়ে ২ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়েছে।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, রাজস্ব কর্মকর্তা মো. সারওয়ার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



