চট্টগ্রামের ফটিকছড়িতে ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে কোটি টাকার সম্পত্তি আত্মসাতের মামলায় সাহেদ মোহাম্মদ আরমান (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকার আনর তালুকদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরমান ওই এলাকার মরহুম মাওলানা আবদুল হালিমের পালক ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাজিরহাট পৌরসভার বাসিন্দা মরহুম মাওলানা আবদুল হালিমের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন তার ভাতিজাদের সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের সুযোগ নিয়ে হালিমের পালক ছেলে আরমান সম্পত্তি পুরোপুরি নিজের দখলে নিতে জালিয়াতির আশ্রয় নেন। তিনি নিজেকে একমাত্র ও প্রকৃত ওয়ারিশ দাবি করে ২০২৪ সালের ১২ আগস্ট পৌরসভা থেকে একটি ওয়ারিশ সনদ বানিয়ে নেন।
পরে তথ্য গোপন ও সনদ জালিয়াতি করে আরমানের ভুয়া কাগজপত্র তৈরি করে ওয়ারিশ সনদ সংগ্রহের বিষয়টি নিশ্চিত হন পৌর কর্তৃপক্ষ। জালিয়াতি প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২১ মে পৌরসভা পূর্বের সনদটি বাতিল করে প্রকৃত ওয়ারিশদের অনুকূলে নতুন প্রত্যয়নপত্র জারি করা হয়।
হালিমের ভাতিজা মো: রাশেদ সুজন জানান, জাল সনদের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত আরমানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। আদালত শুনানি শেষে জালিয়াতির গুরুতর অভিযোগে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘আদালতের পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নাজিরহাট থেকে আসামিকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।’



