আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে : মির্জা ফখরুল

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Thakurgaon
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর |সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এই সরকার একটি ধ্বংসস্তূপের মধ্যে দায়িত্ব নিয়েছে। ব্যাংকগুলো খালি করে দেয়া হয়েছে। আওয়ামী লীগ ও তাদের মন্ত্রীরা প্রায় ৮০ লাখ কোটি টাকা লুটপাট করেছে। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে।”

তিনি বলেন, ইতোমধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ তাতে অংশগ্রহণ করেছে। পাশাপাশি সংস্কার কমিশন গঠন ও গণভোটের মতো উদ্যোগ নেয়া হয়েছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রার অংশ।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “গত তিন মাসে আমরা উন্নয়নের চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও আপনাদের সহযোগিতা পেলে জনগণের জন্য আরো কাজ করতে পারব।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফসহ দলীয় নেতাকর্মীরা।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে থাকবে না স্বজনপ্রীতি
এর আগে দুপুরে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে এবং শিক্ষক-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বরদাশত করা হবে না।

তিনি বলেন, “এখানে মেধাবীরাই স্থান পাবে। বিশ্ববিদ্যালয়ের জন্য অপ্রয়োজনীয়ভাবে কৃষিজমি নষ্ট করা হবে না। ভবনগুলো ওপরের দিকে সম্প্রসারণ করা হবে এবং প্রয়োজনীয় পরিমাণ জমিই ব্যবহার করা হবে।”

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ চালু করতে হবে, যাতে শিক্ষার্থীদের বেকারত্ব না বাড়ে। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ইস্রাফিল শাহিন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।