সিলেটে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে এখন পর্যন্ত ৪০১ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২২৫ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১২৬ জন, হবিগঞ্জের ৩৪ জন ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা |নয়া দিগন্ত

সিলেটে হামের প্রকোপ কমছেই না। মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিলেটে নতুন করে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪ জনে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী চার মাস বয়সী হুমায়রা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় আরো ১৫ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৮৭ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স রয়েছেন এবং বাকি ৮৩ জন শিশু। এছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ ৩৭ জন সুনামগঞ্জ জেলার, এরপর ৩০ জন সিলেটের, মৌলভীবাজারের ১১ জন ও হবিগঞ্জের ছয়জন।

এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৪০১ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২২৫ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১২৬ জন, হবিগঞ্জের ৩৪ জন ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৬৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ১১৬ জন ভর্তি রয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭১ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে পাঁচজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে সাতজন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে দু’জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, সিলেট লায়ন্স হাসপাতালে চারজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি রয়েছে।