সাভার মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ঢাকার সাভার মডেল কলেজের এইচএসসি ২৯তম ব্যাচের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন ডা: দেওয়ান মো: সালাউদ্দিন এমপি
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন ডা: দেওয়ান মো: সালাউদ্দিন এমপি |নয়া দিগন্ত

ঢাকার সাভার মডেল কলেজের এইচএসসি ২৯তম ব্যাচের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (২১ জুন) কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।

প্রধান অতিথির বক্তব্যে ডা: দেওয়ান মো: সালাউদ্দিন এমপি বলেন, ‘দেশ গঠনে সাভার মডেল কলেজের শিক্ষার্থীরা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নীতি-নৈতিকতার সাথে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে, বাবা-মাকে সর্বদা সম্মান করবে।’

তিনি এ সময় বড় হয়ে দেশ ও জাতি গঠনে দেশে অবস্থান করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক কাজী শাহাদাত কবির ও এমপির সহধর্মিণী সাবিনা সিদ্দিকা রিতা।

অনুষ্ঠানে সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার মডেল ট্রাস্টের সদস্য হাসান মাহবুব মাস্টার, অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, সাভার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, ব্যবসায়ী ওবায়দুর রহমান অভি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক আব্দুল কাদের বক্তব্য রাখেন।

এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো: মনসুর আলী, বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাজিফা নাওয়ার ও আল-সাফায়াত সাইবির।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।