কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় সাপের দংশনে মোসা: নুসরাত আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার লতাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নুসরাত ওই গ্রামের মো: ইমাম হোসেনের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল শিশু নুসরাত। খেলার একপর্যায়ে উঠানের একটি গর্তের ভেতরে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা বিষধর সাপ তার ডান হাতের কবজিতে দংশন দেয়। শিশুটির চিৎকার শুনে স্বজনরা দ্রুত এগিয়ে আসেন এবং সাপের দংশনের বিষয়টি বুঝতে পেরে তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল বলেন, ‘সাপ দংশনের পরপরই পরিবারের লোকজন কোনো সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালে নেয়ার পর ডা: মৃত ঘোষণা দেন।’



