নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো: কাউসার (৩০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত কাউসারের শরীরের প্রায় ৫৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, একই ঘটনায় দগ্ধ শঙ্কর গোমেজ ও মো: আমির নামে দুই যুবকের মৃত্যু হয়।
ডা: শাওন আরো জানান, গত বুধবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। দগ্ধের পরিমাণ কম হওয়ায় ছয়জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৩ মে দুপুর ১টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’-এর ক্যান্টিনে গ্যাস সিলিন্ডারের লিকেজে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সময় কর্মীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হলে সেখানে থাকা ১২ জন দগ্ধ হন। ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছয়জনের মধ্যে গত বৃহস্পতিবার (১৪ মে) দগ্ধ শঙ্কর গোমেজ ও শনিবার (১৫ মে) মো: আমিরের মৃত্যু হয়।



