লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ

সোনারগাঁওয়ে মহাসড়কের ঢাকামুখী লেনে ১৭ কিলোমিটার যানজট

কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল ব্যবস্থা করে। এতে ধীরে ধীরে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ে ঢাকামুখী লেনে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ে ঢাকামুখী লেনে যানজট |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

সোমবার (১৮ মে) সকাল থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করলে এ যানজট দেখা দেয়।

সরেজমিনে দেখা যায়, সড়ক বিভাগ কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল ব্যবস্থা করে। এতে ধীরে ধীরে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

এ সময় মহাসড়কের বিভিন্ন অংশে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইভেটকার দীর্ঘ সময় স্থির হয়ে আছে। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।

ঢাকাগামী ট্রাকচালক ওবায়দুল মিয়া বলেন, সকাল ৯টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই যানজটে আটকা আছি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গাড়ি তেমন এগোচ্ছে না।

তিশা পরিবহনের যাত্রী আলাউদ্দিন মিয়া বলেন, ‘যেখানে দশ মিনিটে যাওয়ার কথা, সেখানে আড়াই ঘণ্টা ধরে বসে আছি। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু সময়মতো পৌঁছাতে পারিনি। আগে থেকে বিকল্প ব্যবস্থা নিলে দুর্ভোগ কম হতো।’

মেঘনা টোলপ্লাজা এলাকায় আটকে থাকা প্রাইভেটকার চালক মো: সাইফুল বলেন, ‘মেঘনা সেতু পার হতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। স্বাভাবিকভাবে এ পথ যেতে আট থেকে ১০ মিনিট সময় লাগে।’

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ‘লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় সকাল থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। বর্তমানে এক লেন দিয়ে যান চলাচল করছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।’