কেডিএ চেয়ারম্যানের দায়িত্ব নিলেন শফিকুল আলম মনা

১৯৬১ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরুর পর রাজনৈতিক ব্যক্তি হিসেবে শফিকুল আলম মনা প্রথম কেডিএ’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা
কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা |নয়া দিগন্ত

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

মঙ্গলবার (১৬ ‍জুন) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।

১৯৬১ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরুর পর রাজনৈতিক ব্যক্তি হিসেবে শফিকুল আলম মনা প্রথম কেডিএ’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে, প্রশাসন ক্যাডারের অথবা সেনাবাহিনীর অফিসাররা এ পদে নিয়োগ পেয়ে আসছিলেন।

দায়িত্ব নেয়ার পর মনা খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে আমি কাজ করে যাব।’

তিনি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেন।

অ্যাডভোকেট মনার দায়িত্ব নেয়ার পর তাকে অভিনন্দন জানান খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।