মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মোহনগঞ্জে কাল বৈশাখী ঝড়ে বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে। ঝড়ে স্থানীয় এক কলেজের বিশাল একটি গাছ উপড়ে সোজা পড়ে যায় স্থানীয় হাবিব মিয়া (৫৫) নামের এক ব্যক্তির বাড়ির টিনের চালের ওপর।
সোমবার (২৭ এপ্রিল) রাত ২টার দিকে ওই উপজেলায় এ ঘটনা ঘটে।
হাবিব মিয়া জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে। কিছু বুঝে ওঠার আগেই চাল ধসে আমাদের ওপর বড় ডাল এসে পড়ে। দম নেয়া কঠিন হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে বেঁচে গেছি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝড়ের তীব্রতা ছিল ভয়াবহ। রাস্তাঘাটে গাছপালা উপড়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল থেকে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। পানির লাইনও বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় অবসরপ্রাপ্ত প্রফেসর আলতাফ হোসেন জানান, রাতের ঝড়ে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাবিব মিয়াদের বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ক্ষয়ক্ষতি জরিপের কাজ চলছে। প্রয়োজনীয় সহায়তার জন্য ব্যবস্থা নেয়া হবে।


