শিবচরে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে ১২ হাজার লিটার ডিজেল বিতরণ

‘বোরো মৌসুমে তেল ছাড়া কিছুই করা যায় না। আজ ডিজেল পেয়ে অনেকটা স্বস্তি লাগছে। এমন উদ্যোগ থাকলে আমরা ভালোভাবে চাষ করতে পারব।’

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে ডিজেল বিতরণ
কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে ডিজেল বিতরণ |নয়া দিগন্ত

কৃষিখাতে যখন জ্বালানি তেলের সঙ্কট প্রভাব ফেলতে শুরু করেছে, ঠিক তখনই মাদারীপুরের শিবচর উপজেলার কৃষকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শিবচর উপজেলা প্রশাসন। প্রান্তিক কৃষকদের সেচ কার্যক্রম সচল রাখতে ন্যায্যমূল্যে সরাসরি ১২ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। উদ্বোধনের পরপরই কৃষকদের মাঝে ডিজেল বিতরণ শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোরো মৌসুমে সেচকাজে ডিজেলের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকেরা সঙ্কটে পড়েন। পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেকেই প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছিলেন না। এ পরিস্থিতিতে ডিপো থেকে সরাসরি ডিজেল সংগ্রহ করে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়। এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।

কৃষকরা জানান, আগে পাম্পে গিয়ে নিয়মিত তেল না পেয়ে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এখন সরাসরি ডিজেল পাওয়ায় সেচ কার্যক্রম চালানো সহজ হয়েছে।

শিরুয়াইল ইউনিয়নের কৃষক মো: মজিবুর রহমান সরদার বলেন, ‘বোরো মৌসুমে তেল ছাড়া কিছুই করা যায় না। আজ ডিজেল পেয়ে অনেকটা স্বস্তি লাগছে। এমন উদ্যোগ থাকলে আমরা ভালোভাবে চাষ করতে পারব।’

আরেক কৃষক মো: জালালউদ্দীন হাওলাদার বলেন, ‘আমাদের মতো গরিব কৃষকের জন্য এই উদ্যোগ অনেক বড় সহায়তা। আগে পাম্পে গিয়ে অনেক সময় খালি হাতে ফিরতে হতো। এখন সরাসরি তেল পেয়ে চাষাবাদ চালাতে সুবিধা হচ্ছে।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘প্রতিদিন অসংখ্য কৃষক তেল সংগ্রহের জন্য আসছেন। কিন্তু সরবরাহ সঙ্কটের কারণে তারা কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছিলেন না। কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’