বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন জামায়াত আমিরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৮ জন ব্যবসায়ীকে অর্থ সহায়তা দেয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা অর্থ সহায়তা বিতরণের আয়োজন করে। উপজেলার ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন, ‘আগুনে পুড়ে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা হয়তো পূরণ করা সম্ভব নয়। তবে আল্লাহর সহায়তা আর কঠোর পরিশ্রম করলে আপনারা সফলকাম হবেন। আল্লাহ আপনাদের খারাপ সময় দূর করে দেবেন।’
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপদে-আপদে আপনাদের পাশে আছে।’
অর্থ সহায়তা বিতরণকালে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, সহ-সেক্রেটারি মিজানুর রহমান, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান ও সেক্রেটারি লাপচু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
উল্লেখ্য, ৫ জুন সকালে অগ্নিকাণ্ডে ভূরুঙ্গামারী বাজারের প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি হয়।



