সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স রয়েছেন এবং বাকি ৭৩ জন শিশু।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা |ফাইল ছবি

সিলেটে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৯ মাস বয়সী শিশু দিবানি পাল সিলেটের ওসমানীনগর উপজেলার এবং ২ মাস ২৪ দিন বয়সী শিশু রাইয়ান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় দু’জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৭১ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স রয়েছেন এবং বাকি ৭৩ জন শিশু। এছাড়া নিহত ৭৪ জনের মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ ৩১ জন সুনামগঞ্জ জেলার, এরপর ২৮ জন সিলেটের, মৌলভীবাজারের নয়জন ও হবিগঞ্জের ছয়জন রয়েছে।

এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩২৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৭৮ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১০৭ জন, হবিগঞ্জের ২৪ জন ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৬৮ জন রোগী। এর মধ্যে সর্বোচ্চ ১০০ জন ভর্তি রয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৫ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১০ জন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে চারজন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন ভর্তি রয়েছে।