রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক আবুল হোসেন (৬৫) নিহত হয়েছেন। এঘটনায় আরো তিনজন আহত হন।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর শহরের বন্দর মুক্তা সিনেমার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন পৌর সভার মহলবাড়ী এলাকার মরহুম নয়ন শেখের ছেলে।
আহতরা হলেন নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) ও পাশ্ববর্তী পীরগঞ্জ পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উপজেলার পৌর শহরের বন্দর মুক্তা সিনেমার সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানচালক আবুল হোসেন ও যাত্রী সফিকুল এবং মোটরসাইকেল আরোহী আতিক ও তুহিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ভ্যানচালকের মৃত্যু হয়।
আহতদের মধ্যে দু’জন দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একজন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী।



