সিলেটে বিভাগীয় সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বক্তব্য রাখছেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম
বক্তব্য রাখছেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম |নয়া দিগন্ত

আগামী ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে নগরীর বন্দরবাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় ১১ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান, এলডিপি সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সিলেট মহানগর সভাপতি কবির আহমদ ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল প্রমুখ।

সভাপতির বক্তব্যে ১১ দলীয় ঐক্যের মহানগর সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জেলায় জেলায় ও থানায় থানায় গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। সর্বস্তরের নেতাকর্মীদের প্রচারণায় অংশ নিতে হবে। জনস্বার্থে সিলেটের বিভাগীয় সমাবেশকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই দুপুর ২টায় সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চান।

এছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।