কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখা ইন’ অবাসিক হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বহুতল ওই হোটেলটিতে আগুন লাগে এবং হতাহতের এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন কুষ্টিয়ার সাংবাদিক দৈনিক আজকের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি ও নাগরিক টিভি কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শাম্মী (৩৬), ছেলে স্বর্ণশীষ (২) এবং শ্বশুর আকরাম আলী (৬৮)।
কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের সদস্যদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সাংবাদিক দেবাশীষের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার চেয়ারম্যান গলিতে আর শ্বশুরের বাড়ি থানাপাড়ায়।
পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে দেবাশীষ দত্ত গত ৩ আগস্ট ভারতের ব্যাঙ্গালুরুতে যান। স্ত্রীর চিকিৎসা শেষে গত ১৮ আগস্ট বিমানযোগে কলকাতায় এসে ওই হোটেলে ওঠেন। ১৯ আগস্ট তাদের কুষ্টিয়ায় ফেরার কথা ছিল।
তার ৬ বছরের এক মেয়ে রয়েছে, যাকে বাংলাদেশে দাদির কাছে রেখে গিয়েছিল।
দেবাশীষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সে কুষ্টিয়া প্রেস ক্লাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সাংবাদিক মহলে ব্যাপক পরিচিত ছিলেন। দেবাশীষের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
দুপুরে এ খবর কুষ্টিয়ার সংবাদকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে সকলে শোকে কাতর হয়ে পড়েন। সাংবাদিক দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম হোসেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এ দীর্ঘ দিন কর্মরত ছিলেন। মেয়ের অসুস্থতায় মেয়েকে নিয়ে তিনি চিকিৎসার জন্য তাদের সঙ্গী হয়েছিলেন।
দেবাশীষের বাড়িতে গিয়ে দেখা যায় পরিবারের সবাই স্বাভাবিক অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত কাউকে পুরো পরিবারের মৃত্যুর খবর জানানো হয়নি।



