কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা গেছে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আট দিন আগে হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর রোগে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু আফরানকে। শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলা হলেও পরিবার নেয়নি। আজ (শুক্রবার) ভোর সাড়ে ৫টার দিকে শিশুটি মারা যায়।
স্বজনদের অভিযোগ, দায়িত্বে অবহেলা ও সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণেই আফরানের মৃত্যু হয়েছে। তারা জানান, শুক্রবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তখন নিয়মিত অক্সিজেন নেয়া আফরানের শ্বাসকষ্ট বেড়ে গেলে ডিউটিতে থাকা নার্সদের বারবার ডেকে জাগানোর চেষ্টা করেন স্বজনরা। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তাদের কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
রাত ৩টা থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত বারবার ডাকাডাকি করেও ডিউটি নার্স ও চিকিৎসককে পাওয়া যায়নি। এ সময় শিশুটির অবস্থা আরো খারাপ হতে থাকে। পরে আশপাশের অন্যান্য রোগীর স্বজনরা এগিয়ে এসে সম্মিলিতভাবে ডাকাডাকি করলে ডিউটি ডাক্তার ও নার্স ঘটনাস্থলে আসেন।
পরবর্তীতে ভোর সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ২৬ মার্চ শিশুটি হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর রোগে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তিন দিন আগে শিশুটির অবস্থার অবনতি হলে সে সময় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেয়ার ব্যাপারে পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়েছিল। সম্ভবত আর্থিক দৈন্যতার কারণে শিশুটির পরিবার তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শিশুটি মারা যায়।



