লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কঠোর আপত্তি ও তাৎক্ষণিক হস্তক্ষেপে শেষ পর্যন্ত খুঁটি অপসারণ করে পিছু হটে বিএসএফ।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বিএসএফের একটি দল সীমান্তের জিরো লাইনের কাছে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে জানায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে এর তীব্র প্রতিবাদ জানায়।
বিজিবি সদস্যরা বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে খুঁটি সরিয়ে নেয়ার নির্দেশ দেন। একপর্যায়ে বিজিবির কড়া অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা স্থাপন করা খুঁটি অপসারণ করে সেখান থেকে সরে যান।
রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, ‘সীমান্তের ১৫০ গজের বাইরে খুঁটি স্থাপনের চেষ্টা হয়েছিল। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে বিএসএফ তা সরিয়ে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’



