রামগড়ে মাদকবিরোধী ম্যারাথনের উদ্যোক্তা নুরুল হকের মৃত্যু

শুক্রবার সকালে সেই ম্যারাথনে তিন শতাধিক স্থানীয় মানুষের সাথে ফাউন্ডেশনের উপদেষ্টা মো: নুরুল হকও অংশ নেন। আয়োজন শেষ হওয়ার কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Location :

Khagrachari
মাদকবিরোধী ম্যারাথন শুরুর আগে মো: নুরুল হক
মাদকবিরোধী ম্যারাথন শুরুর আগে মো: নুরুল হক |নয়া দিগন্ত

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে ম্যারাথনের আয়োজন করেছিল হাজী মো: নুরুল হক ফাউন্ডেশন। শুক্রবার সকালে সেই ম্যারাথনে তিন শতাধিক স্থানীয় মানুষের সাথে ফাউন্ডেশনের উপদেষ্টা মো: নুরুল হকও অংশ নেন। আয়োজন শেষ হওয়ার কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার (৮ই আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুরুল হক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। তার নামেই প্রতিষ্ঠিত হয়েছিল ফাউন্ডেশনটি। তার উদ্যোগ ও সম্পৃক্ততায় ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

শুক্রবার ফাউন্ডেশনের উদ্যোগে তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় উৎসাহিত করতে পাঁচ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন আয়োজন করা হয়।

ওই দিন সকাল থেকে ম্যারাথন ঘিরে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন বয়সি মানুষ দৌড়ে অংশ নেন। আয়োজন শেষে হওয়ার কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন নুরুল হক।

এসময় তাকে দ্রুত চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

নুরুল হকের বড় ছেলে ও হাজী মো: নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।