বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা দেশের ক্রিকেট উন্নয়নে আব্দুল কাইয়ুম চৌধুরীর সফলতা কামনা করেন এবং বিসিবির পরিচালক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সোমবার (৮ জুন) নগর ভবনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পৃথকভাবে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতি ও শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরাও সিসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা দেশের ক্রিকেট উন্নয়নে আব্দুল কাইয়ুম চৌধুরীর সফলতা কামনা করেন এবং বিসিবির পরিচালক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৭ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে সিলেট বিভাগসহ মোট আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আব্দুল কাইয়ুম চৌধুরী এর আগে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিবির পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।