ময়মনসিংহ নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে কেচি দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একটি সার্জিক্যাল ও মেডিসিন দোকানের লোকজনের বিরুদ্ধে। হামলায় তার ভগ্নিপতিও মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টার দিকে নগরীর চরপাড়া এলাকার সাবেক জনতা ব্যাংকের পেছনের গলিতে অবস্থিত ‘ভাই ভাই সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নারে’ এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য মাসুম বিল্লাহ ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসুম বিল্লাহ তার মামার অস্ত্রোপচারে অপসারিত টিউমার সংরক্ষণের জন্য একটি কৌটা কিনতে ওই দোকানে যান। সাথে ছিলেন তার ভগ্নিপতি। দোকান থেকে কৌটা নেয়ার পর সেটি পছন্দ না হওয়ায় ফেরত দিতে চাইলে দোকানিদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে দোকানের লোকজন কেচি দিয়ে মাসুম বিল্লাহর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে সরে গেলে তার সাথে থাকা ভগ্নিপতি আকরাম হোসেনকে একা পেয়ে বেধড়ক মারধর করা হয়।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: জবায়দুল হক জানান, মাসুম বিল্লাহর শরীরের বিভিন্ন স্থানে কেচির আঘাত রয়েছে। বিশেষ করে ঘাড়ে গভীর ক্ষত হওয়ায় তাকে রাতেই অপারেশন থিয়েটারে নেয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে ৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, আহত পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



