কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

অবরোধে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক অংশ নেন। তারা বকেয়া বেতন পরিশোধ না করলে মহাসড়ক থেকে অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দেন।

নয়া দিগন্ত অনলাইন
বকেয়া বেতন-ভাতার দাবিতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নাসা গ্রুপের সব শ্রমিকদের অবরোধ
বকেয়া বেতন-ভাতার দাবিতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নাসা গ্রুপের সব শ্রমিকদের অবরোধ |সংগৃহীত

বকেয়া বেতন-ভাতার দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এসময় সারাদেশে নাসা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ অবরোধ করেন শ্রমিকরা।

অবরোধে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক অংশ নেন। তারা বকেয়া বেতন পরিশোধ না করলে মহাসড়ক থেকে অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দেন।

এদিকে অবরোধ করে বিক্ষোভের ফলে মহাসড়কে পদুয়ার বাজার অংশ থেকে দুই পাশে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তীব্র গরম আর ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী ও চালকরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা পৌনে ১২টার সময় অবরোধ কর্মসূচি চলছিল।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম সাংবাদিকদের জানান, শ্রমিকরা অনেকক্ষণ ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে আছেন। আমরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।