শার্শায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore

যশোরের শার্শায় উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অন্তত ১২ শিক্ষার্থীর ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০৬ নম্বর রুমে ২৩ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ২০২৬ সালের সিলেবাসের পরিবর্তে ২০২৫ সালের পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরীক্ষা শেষ হলে একজন ছাত্র বুঝতে পারে সে ২০২৫ সালের পুরানো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিয়েছে। অথচ সে নতুন সিলেবাসের পরীক্ষার্থী।

পরে বিষয়টি শিক্ষকদের জানালে একে একে ১২ পরীক্ষার্থী ওই ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছেন বলে জানা যায়। এ ঘটনা জানাজানি হলে কেন্দ্রে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্র ত্যাগ করতে বলা হয় বলে অভিযোগ ওঠেছে। এতে করে ১২ জন শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, এক কেন্দ্রের একই রুমে আলাদা দু’টি প্রশ্নে পরীক্ষা কীভাবে হলো? এর দায়ভার কে নেবে?

অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

কেন্দ্রের দায়িত্বশীলরা এ ঘটনার দায়ভার এড়াতে পারে কিনা এমন প্রশ্নে হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘আমরাও কনফিউজড যে কীভাবে একই রুমে একই সাবজেক্টের আলাদা দু’টি প্রশ্ন আসলো। আমরা ১২ জন শিক্ষার্থীর বিষয়ে শিক্ষাবোর্ডে যাব।’

এ বিষয়ে শার্শা উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান মোবাইল ফোনে জানান, বিষয়টির প্রশ্ন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচাইবাছাই শেষে ঘটনার সত‍্যতা প্রমাণ পাওয়া গেছে। কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়া হবে।