জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি এসপি ইমন জামিনে মুক্ত

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
জামিন পাওয়া পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন
জামিন পাওয়া পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন |নয়া দিগন্ত

জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতারকৃত পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১১ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের স্বজন আব্দুর রহমান বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। পরে বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়। সেই ধারাবাহিকতায় এসপি তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করা হয়েছিল।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেলে তাকে মুক্তি দেয়া হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত হত্যা মামলায় ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে মামলার রিমান্ড শুনানির জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে মামলার মূল নথি আদালতে উপস্থাপন না হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমি থেকে তাকে আটক করে।