মাদারীপুরে টিসিবির গোডাউনে আগুন

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় টিসিবির একটি গোডাউনে অগ্নিকাণ্ডে চাল, তেল, ডাল ও চিনি সহ বিভিন্ন পণ্য পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুনের কারণ হিসেবে ধারণা করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
নয়া দিগন্ত

মাদারীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গোডাউনের মালামাল আগুনে পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই এলাকার টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন প্রথমে আগুন নেভাতের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দু‘টি ইউনিট একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তার আগে গোডাউনে থাকা চাল, ভোজ্য তেল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছে ফায়ার সার্ভিস। এদিকে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, ‘দু‘দিন আগে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুদ করা হয়েছে। যা জনসাধারণের মাঝে বিতরণ করার কথা ছিল। কিন্তু এমন আগুন লাগবে তা বুঝতে পারলে একসাথে ১০ লাখ টাকার পণ্য এখানে মজুদ করতাম না।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনায় পাশে থাকা পাটের গোডাউন অল্পের জন্য রক্ষা পেয়েছে। তা না হলে দুর্ঘটনা আরো বড় হলে ক্ষয়ক্ষতি পরিমাণ বাড়তো। ’

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত হয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার বিষয়টি নাশকতা না স্বাভাবিক ঘটনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’