সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হৃদয় আচার্য্য নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভুক্তভোগীর বাবা সুশেন আচার্য্য দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গত সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া এলাকার ছাদিক মিয়ার ব্রিজে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সুশেন আচার্য্যের ছেলে হৃদয় আচার্য্য তার নিজ মালিকানাধীন মুদিদোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আক্রমণকারীদের কয়েকজনকে চিনতে পেরে নাম নিয়ে চিৎকার করায় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে মাটিতে লুঠিয়ে পড়লে তার প্যান্টের পকেটে থেকে দুই লাখ টাকা ও গলা থেকে প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় আক্রমণকারীরা। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা আহত হৃদয় আচার্য্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
লিখিত অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্তরা হলেন— একই এলাকার মানিক দাসের ছেলে রনজিত দাস ময়না (২৬), পরলোকগত কৈলাস দাসের ছেলে মানিক দাস (৫৫), ছামন দাসের ছেলে দুর্জয় দাসসহ (২০) অজ্ঞাত পরিচয় আরো দুই-তিনজন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



