ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এ এস এম খালেকুল আজাদ (৫২) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খালেকুল আজাদ উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর গ্রামের মরহুম হাজী ইউসুফ আলীর ছেলে। তিনি গাবতলী ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও এলাকাবাসী জানায়, কলেজ বন্ধ থাকায় বৃহস্পতিবার খালেকুল আজাদ নিজ গ্রামে মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন। দুপুর সোয়া ১টার দিকে বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এ সময় অন্যরা নিরাপদ স্থানে চলে গেলেও তিনি পাশের এক আম গাছের নিচে আশ্রয় নেন। সেখানে তিনি বজ্রাঘাতে পাশের পুকুরে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: সায়েম তানভীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।



