ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুর আনুমানিক ১২টায় ভাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে নিরাপদ খাদ্য ও কৃষি উন্নয়নে অংশীদারত্বের মাধ্যমে টেকসই কৃষি এবং বালাইনাশক দূরীকরণের লক্ষ্যে এই পার্টনার ফিল্ড কংগ্রেস-২৬ এর উদ্বোধন করা হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের ফরিদপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ শাহাদুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল-মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কাজী রমজান আলী এবং বিদ্যুতের আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান। এছাড়াও ভাঙ্গা উপজেলার স্থানীয় নতুন উদ্যমী কৃষক-কিষাণীসহ কৃষি দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কৃষিবিদ শাহাদুজ্জামান বলেন, ‘আধুনিক কৃষিতে ফসল উৎপাদনে ব্যাপক উন্নয়ন হলেও বালাইনাশক দূরীকরণের পদ্ধতি কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। সেটাকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে, ফরমালিন ও বিষমুক্ত ফসল উৎপাদনে সচেতনতা বৃদ্ধি এবং পরবর্তীতে কৃষকদের কৃষি সমস্যার সমাধানে করণীয় বিষয়ক সেবা দেওয়ার লক্ষ্যে এই আয়োজন।’
এই কথাগুলো ব্যক্ত করে তিনি দুই দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরিশেষে অনুষ্ঠানে অংশ নেয়া স্থানীয় কিষাণ ও কিষাণীদের মাঝে ব্যাগ, সম্মানী ও খাবার পরিবেশন করা হয়।



