দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এরই মধ্যে ঈদের নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেল সোয়া ৫টায় দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মুসাকে সাথে নিয়ে মাঠ পরিদর্শন করেন।
পরে মাঠের প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি সাংবাদিকদের অবহিত করেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
এ সময় দিনাজপুর শহরের সর্বস্তরের মুসল্লিদের এই মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করার আহ্বান জানান তিনি।
আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২০১৭ সাল থেকেই প্রতিবার এখানে বৃহৎ পরিসরে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর জেলাসহ পাশের বিভিন্ন জেলা ও উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।
এই ঈদগাহে নামাজ আদায়ের জন্য দিনাজপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং দিনাজপুর পৌরসভার উদ্যোগে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।



