নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (রংপুর এরিয়া) মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে সৈয়দপুর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএইউএসটি) ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো: মোবারক হোসেন মজুমদার। এ সময় তার সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো: শামীম রেজা (অবসরপ্রাপ্ত), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (অবসরপ্রাপ্ত), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন (অবসরপ্রাপ্ত) ও অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অবসরপ্রাপ্ত)।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় ও দফতর প্রধানগণ।
বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি ফয়সাল বাতেনের অবগতির জন্য বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিএইউএসটি, সৈয়দপুরের সার্বিক কার্যক্রম, অ্যাকাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এ সময় জিওসি মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পরিবহন ব্যবস্থা ও সামগ্রিক অ্যাকাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষভাবে আবাসিক হলে নারী শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ও সুরক্ষা ব্যবস্থা, রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে বিএইউএসটির কার্যক্রমে তিনি প্রশংসা করেন।
এই পরিদর্শনের মাধ্যমে বিএইউএসটি, সৈয়দপুরের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জিওসি সন্তোষ প্রকাশ করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: শাহ আলম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।



